চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় এক রিকশা আরোহী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. লোকমান (৪২) লোহাগাড়া থানার সাতগড়িয়া পাড়ার মিয়া জানের ছেলে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানার সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
মহাসড়ক পুলিশের দোহাজারী ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাবাহিনীর কাপ্তাই ক্যাম্প থেকে বানিকদম ক্যাম্পে যাওয়ার সময় ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
“ওই সময় রিকশাটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এর আরোহী লোকমান ঘটনাস্থলে মারা যান,” বলেন তিনি।
এ দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ কর্মকর্তা খোকন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৪৫ ঘ.
bdnews24