বরিশাল, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে চলাচল নিরাপদ রাখতে আগামী ১৫ দিন রাতে ঢাকা-বরিশাল নৌ-রুটে বলগেট, কার্গোসহ পণ্য বহনকারী নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় লঞ্চের ছাদ, নৌকা ও ট্রলারে যাত্রী বহন না করা এবং সড়ক ও নৌ-পথের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করারও নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নৌ-নিরপাত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার, বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ১৪ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত নৌ-বন্দরে ভ্রাম্যমাণ আদালত, চিকিৎসক দল এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়।
মহানগর উপ-পুলিশ কমিশনার টিএম মুজাহিদুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন স্থানে বরিশাল মহানগর পুলিশের ৫০টি দলসহ ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হবে।
সভায় পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ঈদের কেনাকাটায় জাল টাকা শনাক্ত করতে জেলা সব থানায় শনাক্তকারী যন্ত্র দেওয়া হয়েছে। এছাড়া বিপনিবিতানেও জাল টাকা শনাক্তকরণ যন্ত্রের বুথ বসানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24