ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (ডিডিজি-বার্তা) মনোয়ারুল ইসলামকে একই পদে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ দেওয়া হয়।
একইদিন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মহাব্যবস্থাপক পদে কর্মরত আলমগীর হোসেন এবং মোর্শেদুজ্জামান সেলিমকেও একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
কাজে যোগ দেওয়ার দিন থেকেই নিয়োগ পাওয়া এ তিনজনের চুক্তি কার্যকর হবে।
এদিকে স্থানীয় সরকার বিভাগের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব আবু বকর ছিদ্দীক এবং উপ-প্রকল্প পরিচালক উপসচিব সারোয়ার বারীর চাকরি প্রকল্পটির অসমাপ্ত কাজ শেষ করতে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব ফেরদৌস আলমকে একই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদারের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯০৩ ঘ.
bdnews24