ঝিনাইদহ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাস ও সরকার নির্ধারিত মজুরির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে মহেশপুর উপজেলার বিএডিসির দত্তনগর বীজ উৎপাদন খামারের শ্রমিকরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ খামারের যুগ্ম পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা।
বোনাস ও বর্ধিত মজুরি দেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ২৪ মে রাষ্ট্রপতির এক আদেশে বিএডিসির কৃষি ফার্মের স্থায়ী শ্রমিকদের বছরে ৬০ দিনের এবং অস্থায়ী শ্রমিকদের ৩০ দিনের বোনাস প্রদান করতে বলা হয়েছে। এছাড়া দৈনিক মজুরি ২৬০ টাকা নির্ধারণ করেছে সরকার।
বিএডিসির দত্তনগর খামারের যুগ্ম পরিচালক মুজিবর রহমান জানান, এ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশের কপি গত সাত অগাস্ট পেয়েছেন তিনি।
এ খামরে সবাই অস্থায়ী শ্রমিক উল্লেখ করে তিনি জানান, আদেশে বলা আছে অস্থায়ী শ্রমিকরা ২৪০ দিন কাজ করলে বিএডিসির নিজস্ব তহবিল থেকে ৩০ দিনের বোনাস পাবেন।
বর্তমানে শ্রমিকরা প্রতি দিন ১৮০ টাকা করে মজুরি পান বলে জানান তিনি।
বিক্ষোভকালে খামারের ভিতর বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৫ ঘ.
bdnews24