ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় পরিদপ্তর সমূহ এবং রাইফেল ক্রীড়া বোর্ডের মামলার রায় ঘোষণা করা হবে রোববার।
পিলখানার দরবার হলে বিশেষ আদালত-১১ এর প্রধান বিগ্রেডিয়ার নাসির উদ্দিন এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণা শুরু হবে সকাল ১০টায়।
এ মামলার মোট আসামির সংখ্যা ৩৩৬জন। এদের মধ্যে ৩৩৪জন নিজেদের নির্দোষ দাবি করেছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচার চলছে।
পরিদপ্তর সমূহ এবং রাইফেল ক্রীড়া বোর্ডের বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ৪ অগাস্ট নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম মামলা দায়ের করেন। একই বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
পরিদপ্তর সমূহ হচ্ছে প্রশাসনিক পরিদপ্তর, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর এবং চিকিৎসা পরিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১০১০ ঘ.
bdnews24