বাগেরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পিকআপ ভ্যানের চাপায় জেলা ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় খুলনা-বাগেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আশীষ দেবনাথ (২৫) ছাত্রদলের জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা সুজাউদ্দিন সুজন।
আশীষসহ তিনজন একটি মটর সাইকেলে ছিলেন। ওই সময় বিপরীতমুখী পিকআপ ভ্যানটি তাদের চাপা দেয়।
আশীষের দুই সঙ্গী আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের বাগেরহাট থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলনা থেকে বাগেরহাটমুখী পিকআপটির চাকা ফেটে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলকে চাপা দেয়। এতে মটর সাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।”
আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে আশীষ মারা যান। আশীষ বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আশুতোষ দেবনাথের ছেলে।
পিকআপটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজিজ।
আশীষের মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন। তিনি বলেন, ছাত্রদল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৮ ঘ.
bdnews24