লালমনিরহাট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের রথেরপাড় (মদনপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত হামিদুল হক মণ্ডল (৫৫) সদর উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা ছিলেন। তিনি সদরের কলেজ বাজার এলাকার বাসিন্দা।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হামিদুল তার বড় ছেলে আনিছুল হককে নিয়ে মোটর সাইকেলে করে লালমনিরহাট থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন।
রথেরপাড় (মদনপুর) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।
এতে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র গুরুতর আহত হন। এলাকার লোকজন তাদের রংপুর নেয়ার পথে হামিদুল মারা যান। আনিছুলকে (৩০) রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।
তিনি জানান, চালক মাইক্রোবাস রেখেই পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১২৬ ঘ.
bdnews24