২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে ব্যবসায়ী নিহত

ঈদের মওসুমে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমীর সামনে। নিহত ব্যক্তি গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ কেনাকাটা জমে ওঠার মধ্যে রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতের এই ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমীর সামনে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিছু সময় পর তার মৃত্যু হয়। নিহত মাহমুদুল হাসান চৌধুরী রতন (৪৮) গাজীপুরের শ্রীপুরের বর্মীর ‘কালার অ্যান্ড ফ্যাশন ডাইং’র মালিক বলে তার স্বজনরা জানিয়েছে। নিহতের বোন শিরিন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রতন রিকশায় করে পলাশীতে তার (শিরিন) বাসায় যাচ্ছিলেন। বাংলা একাডেমীর সামনে কয়েকজন ছিনতাইকারী ছুরি মেরে তার সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র রতনকে হাসপাতালে নিয়ে যায় জানিয়ে তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে তার ভাইয়ের মৃত্যু হয়। শিরিন জানান, অবিবাহিত রতন গার্মেন্ট ব্যবসায় জড়িত এবং তিনি গাজীপুরে থাকতেন। “আজ (বৃহস্পতিবার) সে আমার বাসায় আসছিল ভাগ্নে-ভাগ্নিকে ঈদের জামা-কাপড় দিতে,” বলেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রতনের মাথায় ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১০ ঘ.