চাঁদপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদে ইয়াছিন রতন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার এ ইউনিয়নে উপ-নির্বাচন হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর শিকদার।
এদিকে জাহাঙ্গীর শিকদার নির্বাচনের আগের দিন (মঙ্গলবার) তার ছয় এজেন্টকে অপহরণের অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, নীলকমল ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইয়াছিন রতনকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গরুর গাড়ি প্রতীক নিয়ে রতন পেয়েছেন চার হাজার ২৮৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর শিকদার পেয়েছেন তিন হাজার ৬৩৫ ভোট।
গত ২২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে আগের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদারের মৃত্যু হয়।
এদিকে, জাহাঙ্গীর শিকদারের অভিযোগ, একটি কেন্দ্রের জন্য মনোনীত ছয়জন পোলিং এজেন্টকে নির্বাচনের আগের রাতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন রতনের সন্ত্রাসী বাহিনী বাড়ি থেকে অপহরণ করেছে।
এ ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাজিব আহছান বলেন, ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত জাহাঙ্গীরের কোনো নির্বাচনী এজেন্ট ছিল না।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শনে এসে জাহাঙ্গীর শিকদার তার ছয় এজেন্টকে অপহরণ ও গুম করার মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ইয়াছিন রতন বলেন, নির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে আমার বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24