২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা আ’লীগের নেত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

এক সড়ক দুর্ঘটনায় খুলনা মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক সাথী চৌধুরী (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

খুলনা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সড়ক দুর্ঘটনায় খুলনা মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক সাথী চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার লাশ শহরের টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে রিকশায় বাড়ি ফেরার পথে নগরীর সোসাইটি সিনেমা হলের মোড়ে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, সোমবার রাতে ডাক্তার দেখিয়ে স্বামী ও শিশুপুত্রসহ সাথী রিকশায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সাথীর স্বামী কামাল হোসেন ও দুই বছর বয়সী ছেলে সাকিবও আহত হন। সাথীকে প্রথমে খুলনা জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাথীর স্বামীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও ছেলেকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ। সাথীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১২ ঘ.