ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার যানজট পরিস্থিতি দেখতে সোমবার নিজেই পথে নামেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলা মটর থেকে ফার্মগেইট পর্যন্ত হেঁটে যানজট দেখে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপস্থিত নাগরিকদের দিয়েছেন তিনি।
ফার্মগেইট থেকে শাহবাগ পর্যন্ত অনেক ক্রসিং থাকাকে যানজটের জন্য দায়ী করে ওবায়দুল কাদের বলেন, “এত অল্প দৈর্ঘ্যরে জায়গায় অনেকগুলো ক্রসিং রয়েছে। তাই ক্রসিং সংখ্যা কমিয়ে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সোজা যান চলাচলে প্রধান্য দিলে যানজট অনেকাংশে কমে যাবে।”
বিআরটিসির মাধ্যমে বাস বাড়ানো এবং ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে না দেওয়া হলে যানজট অনেক কমবে, বলেন তিনি।
ফার্মগেইট এলাকায় কয়েকজন নারী মন্ত্রীর কাছে নারীদের জন্য আলাদা বাস চাইলে ওবায়দুল কাদের তাৎক্ষণিকভাবে বিআরটিসির চেয়ারম্যানকে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মানুষের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে না দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়কে মানুষের রাস্তা পারাপারও যানজটের কারণ বলে তার চোখে ধরা পড়ে।
তিনি বলেন, “এখন ওভার ব্রিজ করার আগে অনেক চিন্তা করতে হয়। কারণ জনগণ ওভার ব্রিজ ব্যবহার করে না।”
ঢাকার সড়কে মন্ত্রীর এই পথ চলায় তার সঙ্গী ছিলেন ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশানর মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৩০ ঘ.
bdnews24