২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের স্মরণে চট্টগ্রামে সভা

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্মরণে চট্টগ্রামে শোকসভা হয়েছে যাতে অংশ নিয়েছেন ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্মরণে চট্টগ্রামে শোকসভা হয়েছে যাতে অংশ নিয়েছেন ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শুক্রবার বিকালে বন্দর নগরীর মুসলিম হলে এ সভার আয়োজন করে হুমায়ূন আহমেদ নাগরিক শোকসভা কমিটি। সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন এ প্রজন্মের বাঁশিওয়ালা। তরুণ সমাজ যখন পাঠ্যবইয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল তখন তিনি তাদের বাইরে এনে অন্য বই পড়তে প্রেরণা যুগিয়েছিলেন। শিল্পী কাবেরী সেনগুপ্তার শোকসঙ্গীতের মধ্য দিয়ে এ সভা শুরু হয়। সভায় অন্যদের মধ্যে প্রফেসর এমিরেটাস ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক ড. মাহবুবুল হক, স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সাংবাদিক এম. নাসিরুল হক, উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, কবি কামরুল হাসান বাদল প্রমুখ বক্তব্য দেন। অনুপম সেন বলেন, “হুমায়ূন আহমেদ বাংলা ভাষাভাষী কোটি মানুষের হৃদয়ে স্থান দখল করে আছেন। হুমায়ূন তার অসাধারণ সৃষ্টির মাধ্যমে এ স্থান করে নিয়েছেন।” “হুমায়ূন আহমেদ বন্ধ্যা রাজনৈতিক যুগে তরুণদের বইমনস্ক করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রেরণা যুগিয়েছিলেন”, বলেন মাহবুবুল হক। শোকসভার শুরুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন মৃত্যু হয় জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের। তার বয়স হয়েছিল ৬৪ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/২০৪২ ঘ.