ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসছে ঈদের পর থেকেই শুরু হতে যাচ্ছে গান নিয়ে তৈরি পোশাক কর্মীদের প্রতিযোগিতার দ্বিতীয় আয়োজন ‘গর্ব-২০১৩’।
দেশের পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে এবারের আয়োজনে গ্র্যান্ড গালা ফাইনালসহ পর্ব থাকবে মোট ৩৩টি।
অডিশন রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে মিউজিক রাউন্ড, স্টুডিও রাউন্ড ও গ্রুমিং রাউন্ড শেষে আর্মি স্টেডিয়ামে এই গ্রান্ড গালা ফাইনাল অনুষ্ঠিত হবে ২০১৩ সালের ফেব্রুয়ারির মধ্যেই।
বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ কার্যালয়ে ‘গর্ব-২০১৩’ এর আয়োজক প্রতিষ্ঠান ‘মাত্রা’র সঙ্গে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ‘মাত্রা’ ইভেন্ট পার্টনার হিসেবে বিজিএমইএ’কে এই প্রতিযোগিতার রিয়েলিটি টিভি প্রোগাম আয়োজনে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিজিএমই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন ‘গর্ব-২০১৩’ এর প্রধান সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম। ‘মাত্রার’ পক্ষে এতে সই করেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মো. মশিউল আজম এবং শেখ আতিয়ার রহমান দিপু প্রমুখ।
দেশের রপ্তানী আয়ের সিংহভাগের যোগানদাতা এই তৈরি পোশাক খাতে প্রায় ৩৫ লাখ পোশাককর্মীর অবদান রয়েছে।
২০১০ সাল থেকে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩২২ ঘ.
bdnews24