২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বেতন, বোনাস এবং লভ্যাংশের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে গাজীপুরের দুটি পোশাক কারখানা শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

গাজীপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বেতন, বোনাস এবং লভ্যাংশের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে গাজীপুরের দুটি পোশাক কারখানা শ্রমিক। বৃহস্পতিবার সদর উপজেলার ভোগড়া এলাকার ভিয়েলা টেক্স লিমিটেড (ইউনিট-২) এবং শ্রীপুরের পারফেটি ভ্যান মেলি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে কারখানা দুটিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ভিয়েলা টেক্স লিমিটেডের আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাইয়ের তালিকা করেছে। গতমাসে সে তালিকা অনুসারে কোয়ালিটি সেকশনের কয়েকজন শ্রমিককে ছাঁটাইও করেছে। তবে নিয়ম অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়নি। এছাড়া ঈদের আগে জুলাই মাসের বেতন-ভাতাদি অগাস্ট মাসের ১৫ দিনের বেতন ও ৫ ভাগ লভ্যাংশের দাবিতে বুধবার কর্মবিরতিও পালন করে তারা। কারখানার মানব সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কারখানাটি ম্যানুয়াল থেকে অটোমোশন পদ্ধতিতে রূপান্তর করায় লোকবলের প্রয়োজনীয়তা কমেছে। তাই শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো ছাঁটাই শুরু হয়নি। “সকালে শ্রমিক ছাঁটাইয়ের গুজব, বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকরা। দুপুরে কর্তৃপক্ষ ঈদের আগেই তাদের সব দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে তারা,” বলেন তিনি। এদিকে স্থায়ী নিয়োগ পত্র, চিকিৎসাভাতা বৃদ্ধি, নোটিস ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ, নিয়মানুযায়ী ওভারটাইমের মজুরিসহ কারখানার কয়েকজন কর্মকতার অপসারণ দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষেভ করে পারফেটি ভ্যান মেলি কারখানার শ্রমিকরা। কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক নূর হোসেন সাংবাদিকদের জানান, দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/২২০৫ ঘ.