ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে সস্ত্রীক সাবেক সেনা কর্মকর্তা খুনের মামলায় গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তাদের জামিনের আবেদন নাকচ করে হেফাজতের অনুমতি দেন।
এর আগে গ্রেপ্তারকৃত আবদুল খালেক ও আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক কায়কোবাদ কাজী।
হেফাজতের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান।
গত মঙ্গলবার বিকালে দক্ষিণখানের সৈয়দপুরের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিন ও তার স্ত্রী মাহমুদা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।
হেফাজতের আবেদনে বলা হয়, হত্যার কারণ, হত্যাকা-ে আরো কেউ জড়িত কিনা তা উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৪৬ ঘ.
bdnews24