২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নয় রোহিঙ্গা গ্রেপ্তার

রাজধানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ফকিরাপুলে আবাসিক হোটেল আশিয়ানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এই নয়জনকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হোসেন আহমেদ (৪০), শাহজাহান (৩০), মো. হাশিম (১৯), মো. জুবায়ের (২০), মো. আইউব (২০), মো. শফিউল্লাহ (১৮), হাবিব হোসেন (৩৫), মো. ইয়াছিন (১৮) ও জুবায়ের (১৮)। সংবাদ ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে হোটেল আশিয়ানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশিদের সহায়তায় মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।” জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, এর আগেও তাদের স্বজনরা বাংলাদেশিদের সহায়তায় মধ্যপ্রাচ্যে গেছেন। গত জুনে মিয়ানমারের রাখাইন প্রদেশে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হলে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে পালাতে শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে। দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে রয়েছে বাংলাদেশ। তাই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/১৫৩৪ ঘ.