২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরপুলে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজা থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা পর্যন্ত সড়কে দ্বিমুখী যান চলাচল চালুর দাবিতে বীর উত্তম সিআর দত্ত সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজা থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা পর্যন্ত সড়কে দ্বিমুখী যান চলাচল চালুর দাবিতে বীর উত্তম সিআর দত্ত সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তারা মোতালেব প্লাজা-ইস্টার্ন প্লাজার সামনের ডিভাইডার ভেঙে ফেলে বিক্ষোভ শুরু করেন। পরে র‌্যাব ও পুলিশ এসে রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দিলে বেলা সোয়া ১টার দিকে যান চলাচল স্বভাবিক হয়। হাতিরপুল সিরামিক ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজুর আহসান সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে এ সড়কে একমুখী যান চলাচলের কারণে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২ মিনিটের রাস্তা ৪০ মিনিট ঘুরে আসতে হয়। ফলে ক্রেতারা এখানে আসতে চান না।” ইস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম শাহিন বলেন, আগে এ সড়কে দ্বিমুখী যান চলাচল করলেও ২০০৯ সালের জুলাই মাস থেকে এই সড়ক একমুখী করা হয়। ফলে পুরো এলাকা কার্যত ‘পার্কিং জোনে’ পরিণত হয়। ইস্টার্ন প্লাজার মোবাইল ব্যবসায়ী জহুরুল হক অভিযোগ করেন, “বসুন্ধরা মার্কেটে লোকসমাগম বাড়াতে পুলিশকে টাকা খাইয়ে এই সড়ক একমুখী করা হয়েছে।” বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী কামরুজ্জামান নয়ন বলেন, পুলিশ ‘টাকার বিনিময়ে’ এই সড়ক দ্বিমুখী যান চলাচল করতে দিচ্ছে না। উপপুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কিছুই স্থায়ী না। জনসাধারণের সুবিধার্থে ওই এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছিল। ব্যবসায়ী নেতারা এ নিয়ে কোনো অভিযোগ এর আগে জানাননি দাবি করে তিনি বলেন, “তারা শক্তি প্রয়োগ করে ডাইভারশন ভেঙে ফেলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসটি/আরএ/১৩৪০ ঘ.