চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮২ কার্টন রপ্তানিযোগ্য পোশাক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বন্দরের নতুন সংযোগ সড়ক (টুল রোড) এলাকা থেকে জিন্সের প্যান্ট ভর্তি ওই কার্টনগুলো উদ্ধার করা হয়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার প্যাসিফিক গ্রুপের ইউনিভার্সেল জিন্স লিমিটেডের পোশাক বোঝাই তিনটি কভার্ড ভ্যান চট্টগ্রাম ইপিজেড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পোশাক ভর্তি কভার্ড ভ্যানের দুটি গন্তব্যে পৌঁছাতে পারলেও একটি কভার্ড ভ্যান না পৌঁছায় প্রতিষ্ঠানের মালিক বন্দর থানায় একটি অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সকালে পরিত্যক্ত অবস্থায় ৩৮২টি কার্টনের প্রতিটিতে ১৪টি করে মোট পাঁচ হাজার ৩৪৮টি প্যান্ট উদ্ধার করে বলে এসআই জানান।
“উদ্ধার করা পোশাকের মূল্য এক কোটি টাকা”, বলেন তিনি।
প্যান্টগুলো রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দেশের বাইরে যাওয়ার কথা ছিল বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪২২ ঘ.
bdnews24