ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ইয়াছিন রহমান টিটুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
চাঞ্চল্যকর এই হত্যার ‘পরিকল্পনাকারী’ ইয়াসিন রহমান টিটুর আপিল আবেদনের শুনানি করে বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
নিহত জিবরানের বাবা ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক। চাকরির সুবাদে জিবরান তার স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন।
এ মামলার সাজাপ্রাপ্ত আসামি টিটু চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএসের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমানের ছেলে।
১৯৯৯ সালের ৯ জুন চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় একটি চাইনিজ রেস্তোরাঁর সামনে খুন হন একটি বেসরকারি শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জিবরান। ঘটনার পরদিন ডাবলমুরিং থানায় জিবরানের সহকর্মী জেমস রায় একটি মামলা দায়ের করেন।
১৯৯৯ সালের ২২ নভেম্বর এ মামলার তদন্ত কর্মকতা আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এই আটজন হলেন- ইয়াছিন আলী টিটু, মো. ওসমান আলী, আলী আকবর ওরফে দিদারুল আলম, জিল্লুর রহমান, জাহিদ হোসেন ওরফে কিরণ, মো. সিদ্দিক, ওমর আলী ও আলমগীর।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ২০০২ সালের ১২ এপ্রিল এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে টিটু, ওমর আলী ও আলমগীরকে খালাস দেয়। কিন্তু রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০০৭ সালের ২৮ মার্চ হাই কোর্ট পলাতক টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
একইসঙ্গে নিম্ন আদালতে খালাস পাওয়া ওমর আলী ও আলমগীরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাই কোর্ট। তবে নিম্ন আদালতে যাবজ্জীবন পাওয়া মো. সিদ্দিককে উচ্চ আদালতের রায়ে খালাস দেওয়া হয়।
হাই কোর্টের রায়ের পর গতবছর ১০ অক্টোবর চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন টিটু। ১৭ অক্টোবর কারাগারে থেকেই তিনি আপিলের আবেদন করেন।
আদালতে সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। জিবরানের পারিবারিক আইনজীবী মহসিন রশিদ তাকে সহায়তা করেন।
অন্যদিকে টিটুর পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস শুনানি করেন।
রায়ের পর আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে টিটু আপিল করেছিলেন। আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিয়েছে।”
রায়ের অনুলিপি দেখার পর মক্কেলের সঙ্গে কথা বলে পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের মামলায় এত দ্রুত আপিল নিষ্পত্তি একটি বিরল ঘটনা। সাত কার্য দিবস শুনানির পরই আদালত রায়ে দিয়েছে।”
তিনি জানান, আপিল বিভাগে শুনানি চলাকালে আসামি চারবার জামিন চেয়ে আবেদন করলেও পাননি।
আত্মসমর্পণের দিন থেকে টিটুর যাবজ্জীবন দণ্ডের মেয়াদ শুরু হবে বলে এম কে রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬১৪ ঘ.
bdnews24