নারায়ণগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে এক ট্যাঙ্কার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমীর হোসেন (৩৬) সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার আলী আয়াত ভূঁইয়ার ছেলে। তিনি ট্যাঙ্কার চালক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, আমীর হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাবাসাদের জন্য পুলিশ দুলাল ও মানিক নামে দুইজনকে আটক করেছে।
নিহত আমীরের ভগ্নিপতি দীন মোহাম্মদ জানান, একটি মোবাইল ফোন নিয়ে আমীরের সঙ্গে তার বন্ধু দুলালের দ্বন্দ্ব ছিল।
সোমবার রাত ১০ টার দিকে দুলালের কাছ থেকে মোবাইল ফোন আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫৩ ঘ.
bdnews24