২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসেও মেলেনি বিসিএসের নম্বরপত্র

টাকা জমা দেওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও ৩০তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র পাননি সরকারি চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা জমা দেওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও ৩০তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র পাননি সরকারি চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, যারা টাকা জমা দিয়েছে তাদের অবশ্যই নম্বরপত্র দেওয়া হবে। তবে কবে নাগাদ নম্বরপত্র পাওয়া যাবে তা জানাতে পারেনি পিএসসি। ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা নম্বরপত্র নিতে গত ৮ থেকে ১৯ জানুয়ারি এক হাজার টাকা করে জমা দিয়ে আবেদন করেন। তার আগে এক নিদের্শনায় পিএসসি জানায়, “নম্বরপত্র সংগ্রহ না করে কেউ ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন না।” গত ১৯ জানুয়ারির পর উত্তরপত্র পুনঃনিরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। গত বছরের ২ নভেম্বর ৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর ৩১তম বিসিএসেরও চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এছাড়া ৩২তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা হয়েছে। এর পরেও ৩০তম বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা নম্বরপত্র পাননি। পরবর্তী বিসিএসের প্রস্তুতি নেওয়ার জন্য এক হাজার টাকা দিয়ে নম্বরপত্র তোলার আবেদন করলেও এখনো তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন বিষয়ে কত নম্বর পেয়েছি মূলত তা দেখার জন্যই নম্বরপত্র তুলতে টাকা জমা দিয়েছিলাম। এর পরে দুটি বিসিএসের লিখিত পরীক্ষা হয়ে গেলেও নম্বরপত্র পাইনি।” “কয়েকবার কমিশনে গিয়েও নম্বরপত্র পাব কি না তা জানতে পারিনি।” আতিকুর রহমান নামের আরেকজন বলেন, “শুধুই টাকা খরচ করলাম। এখন নম্বরপত্র পেয়েও কোনো লাভ হবে না। কারণ এই নম্বরপত্র অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।” “এক হাজার টাকা জলে গেল। অথচ এ নিয়ে কমিশনের কোনো জবাবদিহি নেই”, বলেন ফাহিম নামের আরেক চাকরি প্রত্যাশী। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা টাকা জমা দিয়েছে তারা অবশ্যই নম্বরপত্র পাবে।” পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শিগশিরই’ ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র দেওয়া হবে। তবে কবে নাগাদ নম্বরপত্র দেওয়া সম্ভব হবে তা জানাতে পারেননি তারা কেউ। ২০১০ সালের অগাস্ট থেকে বিসিএসের নম্বরপত্র বিতরণের উদ্যোগ নেয় পিএসসি। ২৮তম বিসিএসের নম্বরপত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জেকে/১১৪৫ ঘ.