ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নীলক্ষেতে বাকুশাহ মার্কেটে লাগা আগুন আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপন বাহিনী।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিউ মার্কেট ফটকের বিপরীত দিকে বাকুশাহ মার্কেটের পশ্চিম পাশে কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পেয়েই অগ্নিনির্বাপন বাহিনী আগুন নেভাতে কাজ শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত অগ্নিনির্বাপন বাহিনীর উপসহকারী পরিচালক আব্দুল হালিম রাত সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি নেভাতে কাজ চলছে।”
অগ্নিনির্বাপন বাহিনীর ছয়টি গাড়ি আগুন নেভাতে কাজ করেছে বলে জানান তিনি। রাত পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে যায় বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাবি প্রতিনিধি সুজন মণ্ডল জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে মোর্শেদ আলম জুয়েল নামে এক দোকান মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে ৫০-৬০টি দোকান পুড়েছে।”
তবে আব্দুল হালিম বলেন, “আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫-২০টি দোকান।”
বাকুশাহ ও ইসলামিয়া মার্কেটের মধ্যের দোকানগুলোতে এই আগুন লাগে। বাকুশাহ মার্কেটে বইয়ের অনেক দোকান রয়েছে। আগুন লাগার সময় সব দোকানই বন্ধ ছিল।
পুড়ে যাওয়া দোকানের সবগুলোই বইয়ের বলে জানান জুয়েল।
অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তা আব্দুল হালিম বলেন, “আগুনটা বেশ ভালোই লেগেছিল। তবে আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/০০০০ ঘ.
bdnews24