ঢাকা, জুলাই ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে কথিত দুর্নীতির বিষয়ে এই প্রকল্পে পরার্মর্শক হিসেবে প্রাকযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় থাকা কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের স্থানীয় তিন প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরিচালক আব্দুস সবুর, প্রকল্প উপদেষ্টা লিমিটেডের পরিচালক শাহিদুল হাসান খান এবং বিসিএল অ্যাসোসিয়েট লিমিটেডের পরিচালক এম এ আজিজ।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপপরিচালক জয়নুল আবেদিন শিবলী এবং মির্জা জাহিদুল আলম।
কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে- জানতে চাইলে প্রকল্প উপদেষ্টা’র পরিচালক শাহিদুল হাসান সাংবাদিকদের বলেন, “দুদক তো মূলত দুর্নীতি সংশ্লিষ্টতার জন্যই ডাকে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে আমাদের কোনো যুক্ততা রয়েছে কি না, তা জানতেই জিজ্ঞাসাবাদ করেছে।”
এসএনসি লাভালিন কোনো দুর্নীতিতে জড়িত কি না- এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আপনারা যতটুকু জানেন, আমিও ততটুকুই জানি।”
গত সেপ্টেম্বরে কানাডায় এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়টি আলোচনায় উঠে আসে। ওই দুই কর্মকর্তার ডায়েরিতে বাংলাদেশের কয়েকজনের নাম পাওয়ার তথ্যও প্রকাশ হয়। তার ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করে দুদক।
জিজ্ঞাসাবাদের পর বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরিচালক আব্দুস সবুর সাংবাদিকদের এড়িয়ে যান।
বিসিএল অ্যাসোসিয়েটসের পরিচালক আজিজ এসএনসি লাভালিনের সঙ্গে তার কোম্পানির সম্পর্কের বিষয়ে বলেন, “পদ্মা সেতু প্রকল্পে কাজের জন্য আমরা এসএনসি লাভালিনকে সিভি পাঠিয়েছিলাম। এর বাইরে তেমন কিছু আমি জানি না।”
জিজ্ঞাসাবাদ সম্পর্কে তিনি বলেন, “আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের কনসালট্যান্ট নিয়োগে দুর্নীতির বিষয়ে কোনো তথ্য আমরা জানি কি না? আমরা বলেছি, আমরা জানি না।”
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগের জন্য ড. জামিলুর রেজার নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটি পাঁচটি কোম্পানির নাম তালিকায় রেখেছিল। এই পাঁচ কোম্পানির প্রথমটি ছিল এসএনসি লাভালিন।
বাকি চারটি প্রতিষ্ঠান হল- ব্রিটিশ প্রতিষ্ঠান হালকো গ্রুপ ইউকে, নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান এক এ্যান্ড এজেড এল, জাপানের ওরিয়েন্টাল কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি হাইপয়েন্ট রেলেন্ড।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে গত মাসে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর ২৯০ কোটি ডলারের এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার।
এসএনসি লাভালিনের বিরুদ্ধে কানাডায় তদন্ত শুরু হওয়ায় এই কোম্পানিকে ইতোমধ্যে বাদ দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24