সিরাজগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে চান্দাইকোনায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ছাত্রী।
দুর্ঘটনায় আহত নাজনীন নাহার হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে সে।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টা থেকে ওই মহাসড়কে যানবাহান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কটি পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় নাজনীন।
এ ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা চান্দাইকোনায় মহাসড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
অবরোধ চলাকালে মহাসড়কে কয়েশ’ যানবাহন আটকা পড়ে।
পরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীর চিকিৎসার দায়িত্ব এবং মহাসড়কে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ ছাত্ররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫২ঘ.
bdnews24