ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ কথা জানান।
এই মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যান্ত পর্যন্ত সংযম পালন করবেন।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় রাত ৩টা ৫৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট। আর শুক্রবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হচ্ছে তারাবির নামাজ।
প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রোজায় ইফতার করবেন এতিম শিশু এবং প্রধানমন্ত্রী কার্যালয় ও গণভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠকে অন্যদের মধ্যে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ ডটকমের খবরে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর ও জর্ডানের মুসলমানরা শুক্রবার থেকেই রোজা রাখা শুরু করেছেন।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ২৫টির বেশি গ্রামের মুসলমানরা রোজা শুরু করেছেন শুক্রবার থেকেই।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাইয়ের বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব গ্রামের মুসুল্লিরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৭৩০ ঘ.
bdnews24