২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ব্যাংকে ধোঁয়ায় অসুস্থ কর্মকর্তাসহ ১০ জন

জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে প্রিমিয়ার ব্যাংকের টঙ্গী শাখার ব্যবস্থাপকসহ ১০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে প্রিমিয়ার ব্যাংকের টঙ্গী শাখার ব্যবস্থাপকসহ ১০ জনকে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আনারকলি সড়কে কাজী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অসুস্থদের মধ্যে রয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী জোয়ারদার, নির্বাহী কর্মকর্তা মো. শাহীন আহমেদ, শাহানাজ আক্তার, নাসির উদ্দিন ও রিফাত আক্তার প্রমুখ। ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে ব্যাংকের ডিজেলচালিত জেনারেটরটি চালু করা হয়। জেনারেটরটি প্রায় দুই ঘণ্টা চলে। “দুপুর দেড়টার দিকে ব্যাংকের ভেতরে অবস্থানকারী লোকজন একের পর এক অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি,” বলেন তিনি। অসুস্থদের উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ও বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের এসি বন্ধ ছিল এবং ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। জেনারেটরের বিষাক্ত ধোঁয়া ঢুকে ভেতরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেওয়ায় এই সমস্যা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৫ ঘ.