ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে পুলিশ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় আট শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিবিরকর্মীরা ফকিরাপুল ও আরামবাগ মোড়ে জড়ো হয়ে উস্কানিমূলক শ্লোগান দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু করে।”
এক পর্যায়ে তার গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় বলে ওসি জানান।
তিনি বলেন, এ সময় শিবিরকর্মীরা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ সদস্যরা আটজনকে আটক করে।
তবে তাৎক্ষণিকভাবে আটক শিবিরকর্মীদের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু তালেব মো. ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আমাদের কর্মীরা সকালে একটি শোভাযাত্রা বের করে। মতিঝিলে পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়ে আটজনকে ধরে নিয়ে যায়।”
শিবিরকর্মীরা কোনো হামলা চালায়নি এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়নি বলেও তিনি দাবি করেন।
“পুলিশ ডাহা মিথ্যা কথা বলছে,” বলেন ইয়াহিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/জেকে/১২৪০ ঘ.
bdnews24