২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র‏হ্মপুত্রে ট্রলারডুবি: ১ লাশ উদ্ধার, নিখোঁজ ৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র‏হ্মপুত্র নদে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ময়মনসিংহ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র‏হ্মপুত্র নদে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচ যাত্রী। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাংনামারি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। ভাংনামারি চর এলাকার বাসিন্দা কাশেম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিরাপত্তা রক্ষী ছিলেন। ওসি গোলাম সারোয়ার বলেন, সদর উপজেলার ভাবখালি নৌকা ঘাট থেকে একটি ট্রলার প্রায় ৬০ জন যাত্রী নিয়ে গৌরীপুর উপজেলার ভাংনামারি বাজারে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে ট্রলারটি ভাংনামারি বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারের যাত্রী জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকাডুবির পর অনেকেই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও বুধবার সকালে নদীর তীরে ভিড় করেন নিখোঁজ যাত্রীদের স্বজনরা। তাদের বরাত দিয়ে ওসি জানান, রাতে কয়েকজনকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত অন্তত পাঁচজনের খোঁজ মেলেনি। নিহত আবুল কাশেমের লাশ স্থানীয় লোকজন সনাক্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২৫ ঘ.