ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রোজায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের ইফতারের দাওয়াত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
জাতীয় সংসদ ভবনে আগামী ২৩ জুলাই রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য এই ইফতারের আয়োজন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস জানান, বিএনপি’র সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
এর আগে এদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ইফতারের দাওয়াত দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক দুপুরে দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সৈয়দ আশরাফ সে সময় দপ্তরে না থাকায় তার পক্ষে পত্রটি গ্রহণ করেন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩০৭ ঘ.
bdnews24