তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক দশকে চট্টগ্রাম জেলায় জনসংখ্যার ঘনত্ব বেড়েছে। বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী মানুষ বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জন।
পঞ্চম আদমশুমারি অনুযায়ী চট্টগ্রাম জেলায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে এক হাজার ৪৪২ জন মানুষ। ২০০১ সালের চতুর্থ আদমশুমারি অনুযায়ী এ সংখ্যা ছিল এক হাজার ২৫২ জন।
পঞ্চম আদমশুমারির চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৫ জন।
এই আদমশুমারির প্রতিবেদনে বলা হয়, গত দশকে প্রতিবছর বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ হারে, যা ২০১১ সালে ছিল ১ দশমিক ৫৮ শতাংশ।
বিশ্বে মঙ্গোলিয়ায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, প্রতি বর্গকিলোমিটারে মাত্র ২জন।
সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেন।
অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ চট্টগ্রাম জেলার আদমশুমারির চূড়ান্ত ফল প্রকাশ করেন।
এতে দেখা যায়, জেলায় জনসংখ্যার ঘনত্ব বাড়ার পাশাপাশি গত এক দশকে চট্টগ্রামে জনসংখ্যা বেড়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩২৮ জন। বর্তমানে জেলার জনসংখ্যা ৮০ লাখ ২১ হাজার ৭৭৮।
গত বছরের জুলাইয়ে প্রকাশিত আদমশুমারির প্রাথমিক ফলাফল অনুযায়ী ২০১১ সালের ১৫ মার্চ চট্টগ্রাম জেলার জনসংখ্যা ছিল ৭৯ লাখ ১৩ হাজার ৩৬৫ জন।
এর মধ্যে পুরুষ ৩৯ লাখ ৮৮ হাজার ৫৫৩ জন ও নারী ৩৯ লাখ ২৪ হাজার ৮১২ জন।
চতুর্থ আদমশুমারির ফলাফল অনুসারে চট্টগ্রাম জেলার জনসংখ্যা ছিল ৬৯ লাখ ৬৬ হাজার ৪৫০ জন। ওই সময় জেলায় পুরুষের সংখ্যা ছিল ৩৬ লাখ ৬৪ হাজার ৩৭৩ জন এবং নারী ৩৩ লাখ দুই হাজার ৭৭ জন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফয়েজ আহমদ জানান, এই হার অনুসারে আজ (সোমবার) চট্টগ্রাম জেলার জনসংখ্যা ৮০ লাখ ২১ হাজার ৭৭৮ জন।
পঞ্চম আদমশুমারির ফল ঘোষণার পর জেলা শুমারি কমিটির সভাপতি ফয়েজ আহমদ বলেন, “চট্টগ্রামে গত এক দশকে জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১৯০ জন বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার এই ঘনত্ব খুব বেশি। জেলার মোট জনসংখ্যাও বেড়েছে।”
এর অন্যতম কারণ হিসেবে তিনি মনে করেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হওয়ায় দেশের বাইরের জেলা থেকেও লোকজন চট্টগ্রামে চলে আসছে।
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি জেলায় শিক্ষার হারও বেড়েছে। আদমশুমারির চূড়ান্ত ফলাফলে দেখা যায়, চট্টগ্রামে শিক্ষার হার ৫৮ দশমিক ৯ শতাংশ। সারাদেশে এই হার ৫১ দশমিক ৮ শতাংশ।
শিক্ষার হারে ছেলেরা এগিয়ে
শুমারি অনুযায়ী চট্টগ্রামে শিক্ষার হারের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। জেলার ছেলেদের শিক্ষার হার ৬১ দশমিক ১ শতাংশ ও মেয়েদের ৫৬ দশমিক ৭ শতাংশ।
২০০১ সালে জেলায় শিক্ষার হার ছিল ৫৫ দশমিক ৫ শতাংশ।
এয়াড়া জেলায় শিক্ষা প্রতিষ্ঠানও বেড়েছে। জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার ৫২ দশমিক ৩ শতাংশ। ২০০১ সালে এই হার ছিল ৪৩ দশমিক ৯ শতাংশ। তবে সারাদেশে এই হার ৫২ দশমিক ৭ শতাংশ।
গৃহগণনা ২০১১-এর চূড়ান্ত ফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় গৃহের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০১ সালে জেলায় গৃহের সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৫৩৭ টি। গত ১০ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ১৪।
জেলার আদমশুমারির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ২৬ টি উপজেলা, ১০ টি পৌরসভা, ৯০ টি পৌর ওয়ার্ড, ১৯৪ টি ইউনিয়ন, ১৯৯ টি পৌর মহল্লা, ৮৯০ টি মৌজা ও ১২৬৭ টি গ্রাম। এছাড়া চট্টগ্রাম মহানগরে ২৩৭ টি মহল্লা আছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪৬ টি ওয়ার্ড আছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, “চট্টগ্রামে ওয়ার্ডের সংখ্যা ৪১ টি হবে। এটা সম্ভবত ছাপার ভুল।”
অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আবু তৈয়ব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২০১৪ ঘ.
bdnews24