ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি-দাওয়া নিয়ে আটোরিকশা মালিক ও চালকদের সঙ্গে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠকে কোনো সমঝোতাই হয়নি।
সোমবার সন্ধ্যায় রেলভবনে এ বৈঠক বসার কথা থাকলেও তা বসে বিকাল ৩টায়। এসময় দুপক্ষই মন্ত্রীর কাছে তাদের দাবিসমূহ তুলে ধরেন।
প্রায় ঘন্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই রেলভবন থেকে বেরিয়ে যান।
পরে রেলভবনের সভাকক্ষে ঢাকা মহানগর সিএনজি আটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ ভুলু সাংবাদিকদের জানান, যোগাযোগ মন্ত্রী বুধবার আবার তাদের সঙ্গে আলোচনায় বসবেন।
আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে ভুলু বলেন, “উভয় পক্ষের এসব দাবির বিষয়ে সমাধানে আসতে হলে পুলিশ বিভাগসহ অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকতে হবে। তাই ওইসব মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বুধবার আমাদের সঙ্গে পুনরায় বসবেন যোগাযোগ মন্ত্রী।”
মালিকদের দাবির মধ্যে রয়েছে, গাড়ির দৈনিক ভাড়া ৬শ’ টাকার পরিবর্তে ৮শ’ ৫০ টাকা করা, গাড়ির বার্ষিক ২৫শ’ টাকা বর্ধিত কর ও আয়কর সনদ প্রদর্শন বাতিল করা, পুলিশি হয়রানি বন্ধ, গাড়ির ইকোনমিক লাইফ ১৫ বছর করাসহ মোট ১০ দফা।
চালকদের দাবির মধ্যে আছে- নতুন পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের গ্যারেজে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা পার্কিং জোন স্থাপন, চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পুনঃপরীক্ষা বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া।
বুধবার চালকদের পাশাপাশি বিভিন্ন দাবিতে অটোরিকশা মালিকদের ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও শুধু চালকরা টানা চার দিন ধর্মঘট পালন করেন।
শনিবার রাতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে চালকদের সংগঠনের নেতাদের ফোনালাপের পর তারা ধর্মঘট স্থগিত করেন।
ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মনে করেন, মালিকদের বিরুদ্ধে আইন আনুযায়ী ব্যবস্থা না নিলে এ সেক্টরে অরাজকতা বন্ধ হবেনা।”
তিনি বলেন, রাস্তা-ঘাটে যত মামলা-জেল হয় চালকদের, মালিকদের কিছুই হয়না।
এ সেক্টরে অরাজকতার জন্য বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও (ডিএমপি) দায়ী করেন জাকির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮৪৭ ঘ.
bdnews24