২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রের রগ কাটার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদে রাখা দেশীয় অস্ত্র দেখে ফেলায় মসজিদের ইমাম স্থানীয় এক মাদ্রাসা ছাত্রের হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গোপালগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদে রাখা দেশীয় অস্ত্র দেখে ফেলায় মসজিদের ইমাম স্থানীয় এক মাদ্রাসা ছাত্রের হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে মুকসুদপুর উপজেলার মধ্যগ্রাম ধোপাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফয়সাল মোল্লা (৩২) বনগ্রাম ধোপাভিটা মসজিদের ইমাম। আহত আরমান মোল্যা (১৩) উপজেলার বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র এবং ওই গ্রামের নাসির মোল্লার ছেলে। আরমানের বাবা নাসির মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরমান ফয়সালের কাছে থাকা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম ক্ষিপ্ত হয়ে আরমানের বাম হাতের কব্জির উপরের সবগুলো রগ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়।” আরমানকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফয়সাল মোল্লা রগ কাটার কথা অস্বীকার করে বলেন, “আরমান আমার কাছে বাইসাইকেল চাইলে আমি দিতে অস্বীকার করি। এতে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমি ক্ষিপ্ত হয়ে তাকে চড়-ধাপ্পর দেই।” এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৭৫১ ঘ.