২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট: দুর্ভোগে বেনাপোলে আটকে পড়া যাত্রীরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা দেশি-বিদেশি যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

বেনাপোল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা দেশি-বিদেশি যাত্রীরা। রোববার সকাল থেকে ভারত থেকে ফিরে আসা শত শত যাত্রী বেনাপোলে আটকে আছেন। বিভিন্ন বাস কাউন্টারে ও আবাসিক হোটেলে অবস্থান করছেন তারা। যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে বেনাপোলে ঈগল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক এম আর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।” সোমবার প্রশাসনের সঙ্গে ধর্মঘট আহ্বান করা নেতাদের বৈঠক হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “সেখান নতুন কোনো সিদ্ধান্ত না এলে রাতেও বাস ছাড়ার সম্ভাবনা নেই।” দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি এবং শ্রমিক ও যাত্রী হয়রানী বন্ধ করাসহ ছয়দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে। এতে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে যশোর আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া বলেন, “৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।” বেনাপোলে ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারে আটক পড়া ঢাকার এক ব্যাংক কর্মকর্তা আগস্টিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রোববার দুপুরে ভারত থেকে দেশে ফেরেন। কিন্তু ধর্মঘটের কারণে বাড়ি ফিরতে পারছেন না। “অবর্ননীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি।” আগস্টিনের মতো তানভির, সুশান্ত, আকরাম, সালমানও তাদের দুভোর্গের কথা জানান। বেনাপোলের বিভিন্ন বাস কাউন্টারে ও আবাসিক হোটেলে আটকা পড়া এমন কয়েকশ’ ভারতফেরত যাত্রীদের কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসার কাজে অথবা ভ্রমণ করতে ভারত গিয়েছিলেন। সোমবার সকাল থেকে ইজিবাইক, নসিমন ও ট্রেনে করে বাড়ি ফেরার চেষ্টা করছেন তাদের অনেকে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। “তবে আউটগোয়িং পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য দিনের তুলনায় কম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৫৭ ঘ.