চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণাধীন ভবনে বালু সরবরাহ করাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে দুইদল যুবকের মধ্যে মারামারিতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ফিরিঙ্গি বাজার এলাকার বংশাল রোডে এই মারামারি হয় বলে পুলিশ জানিয়েছে।
ফিরিঙ্গি বাজার এলাকায় সানমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলছে। ওই ভবনের জন্য বালু সরবরাহকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালু সরবরাহ কেন্দ্র করে ফিরিঙ্গি বাজারের একদল যুবক রাত সাড়ে ৮টার দিকে ভবনের দারোয়ান আলী আকবর জনিকে মারধর করে।
“মারধরের খবর পেয়ে পাশের বংশাল রোডের কিছু যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সেখানে এলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে,” বলেন তিনি।
সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/০০২৩ ঘ.
bdnews24