২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যের সাজাভোগ’ তদন্তের নির্দেশ

‘অন্যের সাজা ভোগকারী’ জাকির হোসেনের বিষয়টি তদন্ত করে ৩০ জুলাইয়ের একটি প্রতিবেদন দিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অন্যের সাজা ভোগকারী’ জাকির হোসেনের বিষয়টি তদন্ত করে ৩০ জুলাইয়ের একটি প্রতিবেদন দিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত একইসঙ্গে সংশ্লিষ্ট মামলার সাজা সংক্রান্ত নথি একই সময়ের মধ্যে দিতে নারায়ণগঞ্জের দায়রা জজকে নির্দেশ দিয়েছে। আদালতের আদেশে কারাগারে থাকা জাকিরকে নিয়ে রোববার আদালতে আসেন কাশিমপুর কারাগারের উপকারারক্ষক সাইফুর রহমান। অভিযোগ উঠেছে, একই নামের অন্য একজনের সাজা ভোগ করতে হচ্ছে এই জাকিরকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক জাহাঙ্গীর কবিরের প্রতিবেদন পড়ে শোনান। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর পুলিশ তাকে সনাক্ত করেছিল এবং এই পর্যন্ত অন্যের হয়ে তিনি সাজা ভোগ করছেন বলে কেউ অভিযোগ করেনি। আদালতে জাকির হোসেন বলেন, “পল্টন এলাকায় আসার পর কথা বলতে চেয়ে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। আমার বিরুদ্ধে মামলা আছে বা দণ্ড হয়েছে বলে কিছু পুলিশ জানায়নি।” তিনি বলেন, “মামলায় আসামির বাবার নাম সামসুদ্দিন উল্লেখ থাকলেও আমার বাবার নাম সামসুল হক।” গত ২১ জুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শীর্ষক একটি প্রতিবেদন নজরে নিয়ে হাই কোর্ট রুল জারি করেছিল। নামে মিল থাকায় যাবজ্জীবন সাজা ভোগ করা নারায়ণগঞ্জের জাকির হোসেনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে জাকির হোসেনের আটকের বৈধতা যাচাই করতে তাকে কারাগার থেকে আদালতে হাজির করতে বলা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন জাকির হোসেন। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দণ্ড ভোগ করতে হচ্ছে তাকে।” ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত আসামি জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই মামলায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর পুলিশ যে জাকিরকে গ্রেপ্তার করে, তিনি হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেন বলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়। জাকির রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দণ্ডিত জাকির এখনো এলাকায় মুক্ত অবস্থান রয়েছেন বলে পত্রিকার প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩৫১ ঘ.