২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে শ্রমিক বিক্ষোভ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি গেঞ্জি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি গেঞ্জি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সিইপিজেড এর এক নম্বর সড়কে অবস্থিত সি-টেট নামে ওই কারখানায় ভাংচুর চালায় বলে শিল্প পুলিশ জানিয়েছে। জাভেদ কাউসারের মালিকানাধীন এই কারখানায় সাড়ে চার হাজারের মতো শ্রমিক কাজ করেন। শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বকেয়া বেতনের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে এবং কারখানার বাইরের দিকের আয়না ভাংচুর করে। পরে শিল্প ও বন্দর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মাসের বকেয়া বেতন রোববার বিকাল থেকে দেওয়া শুরু হয়। ৫০ থেকে ৬০ শতাংশ শ্রমিক-কর্মচারীদের দেওয়া হলে বাকিদের না দেওয়ায় বিক্ষোভ করে তারা। তিনি জানান, কারখানা মালিকের পক্ষ থেকে সোমবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিক-কর্মচারীরা শান্ত হয়। বিজিএমইএ’র সঙ্গে পুলিশের সভা রমজান ও ঈদের আগে চট্টগ্রামের পোশাক কারখানায় অসন্তোষ এড়াতে মহানগর পুলিশ ও বিজিএমইএ’র এক সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ’র (সিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় পোশাক শ্রমিকদের রাস্তায় গাড়ি ভাংচুর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। পোশাক কারখানার আশপাশে বখাটেদের উৎপাত প্রতিহত, শ্রমিকদের বেতন- বোনাস যথাসময়ে পরিশোধ, নিরাপত্তা ও পোশাক কারখানায় মালামাল চুরি প্রতিরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিসি (ট্রাফিক) কুসুম দেওয়ান, ডিসি (ডিবি) মো. মনিরুজ্জামান, বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি মো. খলিলুর রহমান, প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমআই/২১৪১ ঘ.