২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল: কেন ব্যবস্থা নয়, জানতে চেয়েছে আদালত

খাবার ও পোশাকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো প্রতিরোধে দোকান ও কারখানা তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবার ও পোশাকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো প্রতিরোধে দোকান ও কারখানা তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেয়। গত বৃহস্পতিবার মো. শওকত আলী এই আবেদন করেন। হাই কোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পরিবেশ সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছে। রিট আবেদনে সব ধরনের খাদ্য দ্রব্য বিশেষ করে ফল, মিষ্টি এবং মানুষের ব্যবহার্য পোশাকে ফরমালিন, মেলামাইন, কার্বাইড, পোড়া মবিল, বিষাক্ত রাসায়নিক, সালফার ডাই অক্সাইড ইত্যাদি মেশানোর বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে আদালত মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব দ্রব্য মেশানো প্রতিরোধে মাছ, মিষ্টির দোকান ও পোশাক কারখানা তদারকিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করে। এক্ষেত্রে দায়ীদের শাস্তি দিতে আইনে কেন ধারা যুক্ত করা, প্রয়োজনে আইন বা অর্ডিনেন্স প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, তাও জানাতে বলেছে আদালত। ওষুধ ও কোমল পানীয়সহ সব খাদ্য দ্রব্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানের ব্যবহার প্রতিরোধে আদালতের নির্দেশনা অনুসারে সরকারের পদক্ষেপ দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে কেন জানানোর নির্দেশ দেওয়া হবে না, তাও জানাতে বলা হয়েছে। রিট আবেদনের সঙ্গে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আহাম্মদ আলীর একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মাছে ফরমালিন, দুধে ফরমালিন/মেলামাইন/কাটিং ওয়েল; কলা, আম ও পেঁপেতে কার্বাইড, জিলাপি ও চানাচুরে পোড়া মবিল; গুঁড়া মসলায় কৃত্রিম হলুদ ও লাল রং এবং নিুমানের আটা; মধু, ঘি ও বাটার ওয়েলে বিষাক্ত রাসায়নিক পদার্থ; ডালডা, লবণ, সরিষার তেল ও গুড়ে সালফার ডাই অক্সাইড, বিস্কুট ও সেমাইয়ে বিষাক্ত রং; পিঁয়াজু, চপ ও বেগুনি এবং মিমি, লিচিসহ শিশুর বিভিন্ন খাবারে টেক্সাটাইলে ব্যবহৃত বিষাক্ত রং এবং ওষুধে ক্ষতিকর বিভিন্ন পদার্থ মেশানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত এ সব দ্রব্য বিভিন্ন খাবারের সঙ্গে শরীরে গিয়ে রক্তের সঙ্গে মিশে কিডনি ও লিভার নষ্ট করার পাশপাশি বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এবি এম নুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এমআই/২০১৫ ঘ.