২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ বিড়ি কারখানায় গুলি, নিহত ২

শ্রমিক সমাবেশে গুলির এই ঘটনায় আট আনসার সদস্যকে প্রত্যাহারের পর গ্রেপ্তার করা হয়েছে কারখানার ব্যবস্থাপককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

কুষ্টিয়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে আকিজ বিড়ি কারখানার শ্রমিক সমাবেশে গুলিতে দুই শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আট আনসার সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ গ্রেপ্তার করেছে কারখানার ব্যবস্থাপককে। রোববার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে আকিজের কারখানায় গুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। নিহত দুই শ্রমিক হলেন- মিন্টু (৩৮) ও রাকিবুল (২২)। আরো ১০ জনকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকরা দুপুরে দিকে সমাবেশে মিলিত হলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আনসার সদস্যরা গুলি ছোড়েন। বেলা ২টার দিকে ১২ জনকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মিন্টু ও রাকিবুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পরেশ, হুমায়ুন ও মনিক নামে তিনজনের গায়ে গুলি লেগেছে বলেও জানায় পুলিশ। আকিজ বিড়ি কারখানার শ্রমিক নেতা সুখেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মজুরি বৃদ্ধির দাবিতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কিছু বহিরাগত সন্ত্রাসী হামলা চালায়। সমবেত শ্রমিকরা এর জবাব দিতে গেলে কারখানার গেটের ভেতর থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। এতে দুজন নিহত হয়।” এই হত্যাকাণ্ডের বিচারসহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। কুষ্টিয়া জেলা আনসারের কমান্ডেন্ট শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের বেতন নিয়ে আলোচনার এক পর্যায়ে শ্রমিকরা সহিংস হয়ে ওঠে। এ সময় কারখানা ব্যবস্থাপক পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুরোধ করলে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছেঁড়ে।” ওই গুলিতে কেউ হতাহত হয়নি বলে শাহ আলম দাবি করলেও আকিজ কারখানায় দায়িত্বে থাকা আট আনসার সদস্যকে বিকালে প্রত্যাহার করে নেওয়া হয়। কুষ্টিয়া সদর আনসারের অ্যাডজুটেন্ট হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু হতাহতের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে কারণে আট জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে কুষ্টিয়ার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নতুন করে অস্থিরতা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে গ্রেপ্তার করা হয় কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলমকে। ওসি লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সমাবেশে গুলি চালানোর ঘটনায় খোরশেদ আলমকে রাত সাড়ে ৯টায় কারখানার ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২২৪ ঘ.