২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি

রাতভর বৃষ্টিতে বন্দর নগরীর চট্টগ্রামের নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতভর বৃষ্টিতে বন্দর নগরীর চট্টগ্রামের নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৯১ দশমিক ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাত চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, কাপাসগোলা, মোহাম্মদপুর, চাঁন্দগাও আবাসিক এলাকা, চকবাজার, চাক্তাই, বাকলিয়া, ষোলশহর, হালিশহর, আগ্রাবাদ, মোগলটুলি, জিইসি মোড়, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমে গেছে। প্রবল বর্ষণ আর জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে এসব এলাকার অধিকাংশ সড়কে। রোববার সকালে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে ব্যাপক দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে দুপুরের দিকে পানি নামতে শুরু করলে অবস্থার কিছুটা উন্নতি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পরে। এদিকে চট্টগ্রাম হাটহাজারী সড়কের বড়দীঘির পাড় এলাকার সড়কে পানি জমে যাওয়ায় সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায়। সিটি কর্পোরেশনের কর্মকর্তরা বলছেন, তাদের কর্মীরা জলাবদ্ধতা নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩০৫ ঘ.