বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় শনিবার সন্ধ্যায় কোস্টগার্ড ও র্যাবের সঙ্গে ‘বনদস্যুদের’ বন্দুকযুদ্ধ হয়েছে।
এ সময় দুই বনদস্যুকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।
আটক হয়েছেন বাগেরহাট সদরের অর্জুন বহর গ্রামের শহীদ শেখ (৪২) এবং খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের এজাজুল মোড়ল (৩৭)।
কোস্টগার্ড ও র্যাবের দাবি, আটক দু’জন বনদস্যু মজনু বাহিনীর সদস্য। তাদের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা ও কয়রা থানায় ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি রাইফেল, দুটি বিদেশি ওয়ান শুটার গান, চারটি এলজি, বন্দুকের পনেরটি এবং রিভলবারের দুটি গুলি।
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার মামুনুর রশিদ এবং র্যাব-৬ এর উপ অধিনায়ক নূর ই আলম রাতে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও র্যাব’র একটি যৌথ দল সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক ক্যাম্প এলাকায় যায়।
তাদের উপস্থিতি টের পেয়ে ওই ক্যাম্পের পেছনের বনে লুকিয়ে থাকা দস্যুরা র্যাব ও কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তারাও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে দুই দস্যুকে আটক করা হয়। অন্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24