নাটোর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ পানের পর বিষক্রিয়ায় শুক্রবার নাটোরের সিংড়া উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হন একজন।
মৃতরা হলেন বিনগ্রামের ঘাইসার ছেলে আব্দুল মজিদ (৪০) এবং রাতাল গ্রামের শিরিশ চন্দ্র উরাওয়ের ছেলে গুরুচরণ উরাও (৬০)।
অসুস্থ রাতাল-শালিকাপাড়া গ্রামের জয়চাঁন চন্দ্র উরাওয়ের ছেলে বিমল চন্দ্র উরাওকে (৪৫) স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ওসি ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজিদ, গুরুচরণ ও বিমল বৃহস্পতিবার বিকালে গুরুচরণের বাড়িতে মদ পান করেন। শুক্রবার বাড়িতেই গুরুচরণের মৃত্যু হয়।
অপরদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মজিদের মৃত্যু হয়।
স্থানীয় বামিহাল বাজারের আদর্শ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন বিমলচন্দ্র উড়াও বলেন, বৃহস্পতিবার মদ পান করে তারা তিন বন্ধু অসুস্থ হয়ে পড়েন।
আদর্শ চিকিৎসা কেন্দ্রের ডা. সহিদুল ইসলাম বলেন, বিমল মাদকের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে। তার চিকিৎসা চলছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের শরীরের সংশ্লিষ্ট অংশসহ নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এর প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে সঠিকভাবে জানা যাবে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24