২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা’

ইসলামাবাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ঘোষণার জন্য’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের সামরিক কমান্ডার টিক্কা খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামাবাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ঘোষণার জন্য’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের সামরিক কমান্ডার টিক্কা খান। পাকিস্তান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বই উদ্ধৃত করে ভারতের দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর চর্তুদশ ডিভিশনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খাদিম হুসেন রাজা তার ‘অ্যা স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান ১৯৬৯-৭১’ বইতে পাক সেনা কর্মকর্তাদের নানা কর্মকা-ের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বইটিতে মুক্তিযুদ্ধে পাক সেনাদের নির্মম অত্যাচারের শুধু সবিস্তার চাক্ষুষ বিবরণই নয়, সে সময় পূর্ব পাকিস্তানের কোন জেলায় কোন কোন কর্মকর্তা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন, তারও স্বীকারোক্তি রয়েছে। খাদিম হুসেন রাজা পূর্ব পাকিস্তানের কমান্ডার টিক্কা খান প্রসঙ্গে উল্লেখ করেছেন, ইসলামাবাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ঘোষণার জন্য’ শেখ মুজিবর রহমানকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা। নিজের বন্ধু মেজর জেনারেল রহিম খানের অত্যাচারের কথাও বর্ণনা করেছেন তিনি। রাজা লিখেছেন, “বন্ধু হলেও রহিম সুযোগ পেলেই আমাকে ভর্ৎসনা করতো। তার বক্তব্য ছিল, পূর্ব পাকিস্তানের মানুষেরা একেবারেই কাপুরুষ। অনেক আগেই তাদের শায়েস্তা করা উচিত ছিল। এ থেকেই পাঠকেরা বুঝতে পারবেন, পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে কা-জ্ঞানের কতটা অভাব ছিল পশ্চিম পাকিস্তানের কট্টরপন্থী সামরিক কর্তাদের।” জেনারেল নিয়াজি পূর্ব পাকিস্তানের নারীদের ওপর ঝাঁপিয়ে পড়তে খান সেনাদের নির্দেশ দিয়েছিলেন বলেও লেখক উল্লেখ করেছেন। “নির্দেশ অমান্য করায় আমার সামনেই কোমরবন্ধ থেকে পিস্তল বের করে এক বাঙালি কর্মকর্তাকে গুলি করেছিলেন নিয়াজি।” বইয়ে উল্লেখ রয়েছে, যুদ্ধের শেষ দিকে ঢাকায় ৯০ হাজার পাক সেনাসহ ভারতের ইস্টার্ন কম্যান্ডের প্রধান মেজর জেনারেল জে এফ আর জেকবের কাছে আত্মসমর্পণের কিছু দিন আগে নিয়াজি লেখকের কাছে তার পূর্ব পাকিস্তানের বান্ধবীদের ফোন নম্বর চেয়েছিলেন। এদিকে আনন্দবাজারে শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, স¤প্রতি বইটি পাকিস্তানে প্রকাশিত হওয়ার পর অস্বস্তির মধ্যে পড়েছে ইসলামাবাদ। এ অবস্থায় সরকার বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এ ছাড়া বইটি নিষিদ্ধ করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বইটি প্রকাশ করে। তবে এটি এখনো বাংলাদেশ বা ভারতের বাজারে ছাড়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএল/১৯৩৩ ঘ.