২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন চালানোর শপথ বুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের

উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে মৌন মিছিলের পর আন্দোলন অব্যাহত রাখার শপথ নিয়েছে বুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে মৌন মিছিলের পর আন্দোলন অব্যাহত রাখার শপথ নিয়েছে বুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা। টানা কর্মসূচির চতুর্থ দিন শনিবার সকালে প্রশাসনিক ভবন থেকে মৌন মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে মিছিল করলেও এদিন মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে শহীদ মিনার এলাকাও ঘুরে আসে। মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। শপথ পড়ান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বন্ধের মধ্যে ক্যাম্পাসে অবস্থানরত কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী শপথে আন্দোলন কর্মসূচি থেকে সরে না যাওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে দাবির সপক্ষে গণস্বাক্ষরতা অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। সংগৃহীত স্বাক্ষরসহ দাবি রোববার আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে দেওয়া হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম এবং উপউপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বুধবার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থা নিয়ে আছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর ফলে দেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। আন্দোলনের মুখে অবশ্য ঈদ ও রোজার ছুটি একমাস এগিয়ে এনেছে কর্তৃপক্ষ। তবে সেই ঘোষণা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসেই অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট উপাচার্যকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও দাবি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম শুক্রবারও বলেন, “আমরা তো দুই বছর ধরে তার সঙ্গে আলোচনা করে আসছি। তাতে কাজ হয়নি। এখন আর তার সঙ্গে আলোচনার সুযোগ নেই।” তবে সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ আলোচনা করতে চাইলে তারা রাজি আছেন বলে এই শিক্ষক নেতা জানান। টানা অসন্তোষের মধ্যে বুয়েটে শিক্ষকদের গণপদত্যাগের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বুয়েট সিন্ডিকেটের একটি প্রতিনিধি দল। এতে উপাচার্য ও উপ-উপাচার্যও ছিলেন। পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন উপাচার্য নজরুল ইসলাম। তিনি বলে আসছেন, ‘অনৈতিক’ কোনো দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না। শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবার হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনলে বুধবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস। ওইদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এ দাবিতে একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মধ্যে বুয়েট সিন্ডিকেট উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করার সিদ্ধান্ত নিলেও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি এর আগে গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এরপর প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে সমিতি আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। এরপর তারা ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির কর্মসূচির হুমকি দিলে ১১ জুলাই থেকে ছুটি ঘোষণা করেন উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৪৭ ঘ.