২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণদের ‘জ্যেষ্ঠ নাগরিক’ ঘোষণার দাবি

দেশের প্রায় ১ কোটি ২০ লাখ প্রবীণকে জ্যেষ্ঠ নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রায় ১ কোটি ২০ লাখ প্রবীণকে জ্যেষ্ঠ নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। শনিবার সকালে ‘বাংলাদেশে প্রবীণদের অবস্থান এবং প্রবীণ হিতৈষী সংঘের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রতিষ্ঠানটির মহাসচিব অধ্যাপক এ এস এম আতীকুর রহমান এই দাবি জানান। ২০৫০ সাল নাগাদ প্রবীণদের সংখ্যা দেশের মোট শিশুর চেয়েও বেশি হবে- এই ধারণা দিয়ে মূল প্রবন্ধে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রবীণদের সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি। ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮০ লাখে। ২০৫০ সাল নাগাদ তা ৪ কোটি ছাড়িয়ে যাবে।” তাই প্রবীণদের মর্যাদা বৃদ্ধিতে তাদের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান আতীকুর। তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশেই প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিকের মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে প্রবীণরা একদিকে যেমন তাদের সারাজীবনের কর্মের একটা স্বীকৃতি পান, তেমনি তাদের চিকিৎসা সুবিধাসহ, যানবাহনে যাতায়াত এবং আনুষঙ্গিক অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায়।” একই সঙ্গে বার্ধক্য বিষয়ক জাতীয় নীতিমালা কর্মোপযোগী করা, এই সম্পর্কিত একটি স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রবীণ হিতৈষী সংঘের সরকারি অনুদান বাড়ানোসহ বয়স্কভাতার পরিমাণ ও গ্রহীতার সংখ্যা বাড়ানোর প্রস্তাবও করেন আতীকুর। এছাড়া প্রবীণদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাৎসরিক বরাদ্দ ৬৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করার প্রস্তাব করে তিনি বলেন, “এই ৬৫ লাখ টাকাকে ২ কোটিতে রুপান্তর করা গেলে প্রবীণদের ন্যুনতম স্বাস্থ্যসেবাটুকু নিশ্চিত করা যাবে।” প্রবীণদের প্রতি সমাজের মানসিকতার পরিবর্তন আনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সেমিনারে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, “পৃথিবীর প্রায় সব দেশেই প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর জন্য আমি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।” একই সঙ্গে বুদ্ধিবৃত্তির অব্যাহত চর্চার মাধ্যমে মনকে ‘সতেজ’ ও ‘সবুজ’ রাখার জন্য প্রবীণদেরকে পরামর্শও দেন তিনি। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে একটি প্রবীণ হাসপাতাল, হোম এবং পাঁচটি বিভাগীয় ক্লিনিক পরিচালিত হচ্ছে। এছাড়া সারাদেশে এর ৫৪টি শাখা রয়েছে। আতীকুর জানান, ২০১১ সালে প্রায় ১ কোটি প্রবীণ এই প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছেন। রাজধানীর আগারগাঁয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. রনজিত কুমার বিশ্বাস, অধ্যাপক ম. তামিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৫৫০ ঘ.