ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী।
নিহত ব্যক্তি হলেন- আবুল কাসেম (৬০)। আহতরা হলেন, কাসেমের স্ত্রী হাসিনা বেগম, মেয়ে স্বপ্না (২০), শফিকুল ইসলাম (৫২), শফিকুলের ছেলে সাহাদাত হোসেন (৩) ও মাসুদ (৩৮)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাক বনানীর কাকলী মোড়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসটি একে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ট্রাকটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
মাইক্রোবাসের আরোহী আবুল কাসেম ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানিয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি বলেন, হতাহতদের সবার বাড়ি শরীয়তপুরে। তারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা মাসুদকে (৩৮) নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১০৬ ঘ.
bdnews24