ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা চালকরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় রাজধানীর সড়কে জনদুর্ভোগ কাটছে না।
জমার টাকার নির্ধারিত হার কার্যকর পুলিশের হয়রানি বন্ধ, নতুন ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের দেওয়াসহ ১০টি দাবিতে গত বুধবার এই ধর্মঘট শুরু হয়।
টানা তিন দিনের ধর্মঘটে ঢাকার সড়কে অটোরিকশার দেখা ছিল না বললেই চলে। প্রাইভেট লেখা কিছু অটোরিকশা চললেও তা চাহিদার তুলনায় অনেক কম।
গণপরিবহনে পর্যাপ্ত বাস না থাকায় অটোরিকশার ওপর নির্ভরশীল রাজধানীবাসীকে গত তিন দিনের পর চতুর্থ দিনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চালকদের সংগঠনের নেতারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যস্ত তাদের আন্দোলন চলবে।
ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যত বাধাই আসুক না কেন, আমরা আমাদের নায্য আন্দোলন চালিয়ে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।”
ধর্মঘটী চালকরা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে।
“যেহেতু পুলিশ প্রেসক্লাবের সামনে জড়ো হতে দিচ্ছে না, তাই নিজ নিজ এলাকায় মিছিল ও বিক্ষোভের মাধ্যমে ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছে,” বলেন জাকির।
বুধবার চালকদের পাশাপাশি বিভিন্ন দাবিতে অটোরিকশা মালিকদের ধর্মঘটও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের সঙ্গে আলোচনার পর তারা কর্মসূচি প্রত্যাহার করলেও চালকদের কর্মসূচি অব্যাহত থাকে।
চালকদের অভিযোগ, বৃহস্পতিবার পুলিশের পাশাপাশি অটোরিকশা মালিক সংগঠনের নেতারাও তাদের পর হামলা চালায়।
অন্যদিকে মিটারে অটোরিকশা না পাওয়া যাত্রীদের পুরনো অভিযোগ।
মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে জাকির বলেন, “সরকার অটোরিকশা চালকদের দৈনিক ৬০০ টাকা জমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মালিকরা তা না মেনে সাড়ে ৭০০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত জমা আদায় করছে।
“এ কারণে মিটারে অটোরিকশা চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা বিআরটিএ ও যোগাযোগ মন্ত্রণালয়ে কয়েকদফা লিখিত অভিযোগ করেছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি।”
চালকদের অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ টি এম নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সব মিথ্যা ও বানোয়াট।”
“আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়, আন্দোলন বেগবান করার কৌশল হিসেবে তারা (চালকরা) এ ধরনের কথা বলছে,” বলেন তিনি।
তবে জমার টাকা বেশি নেওয়ার অভিযোগের সত্যতা মেলে অটোরিকশা মালিক নেতার কথায়।
তিনি বলেন, “দৈনিক জমার টাকা যে সময় নির্ধারণ করা হয়, ওই সময়ের তুলনায় বাজারে এখন নিত্যপণ্যের দাম দ্বিগুণ। এজন্য মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, জমা ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।”
তবে ১ হাজার ৪০০ টাকা জমা আদায়ের অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে নাজমুল দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৩২ ঘ.
bdnews24