২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক থেকে ফেলে হত্যা, মুন্সীগঞ্জে গ্রেপ্তার ৪

রাজধানীতে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের পর এক আড়ত কর্মচারীকে ট্রাক থেকে ফেলে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের পর এক আড়ত কর্মচারীকে ট্রাক থেকে ফেলে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার শ্রীনগর উপজেলার হাসাড়া মাছের আড়ত থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বাবুগঞ্জের বাহের চরের বাদল (৩০), ঝালকাঠির রাজাপুরের বাদশা (৩০), মুন্সীগঞ্জের সিরাজদিখানের পাকুন্দিয়া গ্রামের কামাল হোসেন (৪০) ও কুষ্টিয়া শহরের মানিক মিয়া (২২)। এই অভিযানে নেতৃত্ব দেওয়া হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শেখ ওজিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার ভোরে আড়ত কর্মচারীকে হত্যা করে মাছসহ পিকআপটি হাসাড়া আড়তে নিয়ে আসে। এখানে তারা মাছ বিক্রি করে শুক্রবার বকেয়া টাকা নিতে এলে তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল কাফরুল থানায় হওয়ায় গ্রেপ্তারকৃতদের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট শেখ ওজিয়ার রহমান। বৃহস্পতিবার ওই ঘটনায় নিহত হাফিজুর রহমান (৪২) আবদুল্লাহপুর বাজারের ‘দুই বন্ধু ফিশ’ আড়তের কর্মচারী। বৃহস্পতিবার ভোরে মহাখালী ফুটওভারব্রিজের নিচ থেকে মাছবোঝাই পিকআপ ছিনতাইয়ের পর তাকে হাত-পা বেঁধে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা। এ ঘটনায় পিকআপচালক মো. ইউসুফও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১১২৫ ঘ.