২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের তারিখ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ডাকসু ও অন্যান্য হল সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে এই সময় বেঁধে দেওয়া হয়েছে। উপাচার্য বরাবর লেখা স্মারকলিপিতে বলা হয়, “আগামী ১৫ জুলাই বেলা ১২টার মধ্যে ডাকসুসহ অন্যান্য হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।” স্মারকলিপি দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূরে আলম দুর্জয় বলেন, “আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।” “এই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে ১৫ জুলাই বেলা ১২টার পর উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।” এর আগে সকালে শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে ডাকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। ১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। এরপরে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিাফর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৪৫ ঘ.