ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সামগ্রিক উন্নয়নে ক্ষমতা বিকেন্দ্রীকরণে নতুন নীতি প্রণয়ন করা জরুরি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, “ক্ষমতা বিকেন্দ্রীকরণে বিগত সরকারগুলোর কোনো পদক্ষেপই কার্যকর হয়নি। এজন্য নতুন নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে।”
ব্যতিক্রম হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না বলেও জানান আকবর আলি।
‘বিকেন্দ্রীকরনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাভিশন ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি বলেন, “বিকেন্দ্রীকরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক স্বদিচ্ছা। ক্ষমতা শুধু কেন্দ্রীয় সরকারের হাতে থাকায় স্থানীয় প্রতিনিধিদের তেমন কোনো ক্ষমতা থাকছে না।”
দেশের দুই প্রধান রাজনৈতিক দল স্থানীয় সরকারকে কার্যকর করতে চায়নি বলেও অভিযোগ করে তিনি বলেন, “এখন আইন করে সংসদ সদস্যকে উপজেলা পরিষদের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।”
সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, “ক্ষমতা বিকেন্দ্রীভূত না হয়ে বরং কেন্দ্রীভূত হচ্ছে। এমনকি সংসদেও বিকেন্দ্রীকরণ নিয়ে কোন কথা হয় না।”
তার মতে, স্থানীয় প্রতিনিধিরা রাজনৈতিক প্রভাবে উন্নয়নমূলক কাজ করতে পারছেন না।
স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতে প্রাদেশিক সরকার ব্যাবস্থা প্রবর্তনের পরামর্শ দেন এই সাবেক কর্মকর্তা।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমান উল্লাহ, জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার বিষয়ক কমিটির সদস্য মুনসুর আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো রমজান আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৪৭ ঘ.
bdnews24