২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজের বিরুদ্ধে মাদারীপুরে মামলা, হাজির হতে সমন

প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নিয়ে আপত্তির মন্তব্যের জন্য এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মাদারীপুরের আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মাদারীপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নিয়ে আপত্তির মন্তব্যের জন্য এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মাদারীপুরের আদালতে একটি মামলা হয়েছে। স্থানীয় সাপ্তাহিক সুবার্তার নির্বাহী সম্পাদক শেখ সাজেদুল হক বোরাক বৃহস্পতিবার এই মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে হাকিম মাসুদুর রহমান আগামী ১৪ অগাস্ট মাহফুজুর রহমানকে হাজির হতে নির্দেশ দিয়েছেন। সাগর-রুনির পারিবারিক জীবনাচরণ নিয়ে গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন মাহফুজুর রহমান। একই সভায় প্রধানমন্ত্রীকেও তিনি বাচাল বলেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মাহফুজুর রহমান অবশ্য সাগর-রুনিকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীকে নয়, তিনি নিজেকেই বাচাল বলেছিলেন। প্রধানমন্ত্রী এবং সাংবাদিক দম্পতিকে নিয়ে মাহফুজের বক্তব্যে সাংবাদিক এবং নাগরিক হিসেবে নিজের মানহানি হয়েছে বলে সাজেদুল হকের অভিযোগ। এই জন্য মামলায় তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৭ ঘ.